টিকিট না কেটে ট্রেন ভ্রমণের প্রবণতা পরিত্যাগ করতে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। গতকাল শনিবার দুপুরে কুমিল্লা-লাকসাম সেকশনে ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রেল জনগণের সম্পদ। এটাকে দেখভাল করার দায়িত্ব আপনাদের। এখনো আমাদের অনেকের প্রবণতা আছে টিকিট না করে ট্রেনে ভ্রমণ করার। এটা আমাদের পরিত্যাগ করতে হবে। কারণ আপনি যে টাকা দিয়ে টিকিট নিচ্ছেন, এটা জনগণের তহবিলে জমা হচ্ছে। এখন পর্যন্ত ট্রেনে অনেক ঘাটতি। যেটা সরকার জনগণের টাকা দিয়ে ভর্তুকি দিয়ে পরিচালনা করছে।’
রেলমন্ত্রী বলেন, ‘লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার রেললাইনের কাজ সম্পন্ন হলে পুরো প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করি, ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি সমাপ্ত করতে পারব।’
এ সময় কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল হাসেম খান, রেলসচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনি, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহম্মেদসহ রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
