মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে এসি মিলানের জার্সিতে সিরি’আয় গোল করেছেন ড্যানিয়েল মালদিনি। ১৯ বছর বয়সী তারকার গোলে নতুন এক ইতিহাসও রচনা করল মালদিনি পরিবার।
প্রথমবারের মতো ইতালিয়ান ফুটবলের শীর্ষ লিগে একই ক্লাবের হয়ে গোলের দেখা পেলেন একই পরিবারের তিন প্রজন্ম। আর এই ইতিহাসে সাক্ষী হয়ে থাকলেন বাবা-ছেলে। গ্যালারিতে দাঁড়িয়ে ছেলে ড্যানিয়েলের গোল দেখেছেন বাবা পাওলো মালদিনি।
বর্তমানে মিলানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ছেলের গোলের পর দু’হাত উঁচিয়ে উদযাপনে মাতেন পাওলো। আর নাতির গোলের আনন্দে হয়তো স্বর্গে বসে হাততালি দিয়েছেন দাদা সিজারে মালদিনি।
মিলানে মালদিনি পরিবারের রাজত্ব শুরু সিজার মালদিনির সময়ে। ১৯৫৪-১৯৬৬ পর্যন্ত সান সিরোতে কাটিয়েছেন তিনি। বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলে পাওলো মালদিনিরও ক্যারিয়ার শুরু ডিফেন্ডার হিসেবে। ১৯৮৪-২০০৯ পর্যন্ত টানা ২৫ বছর মিলানের রক্ষণভাগ সামলেছেন তিনি।
নিজেকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বিশ্বের সেরা একাদশ সাজালে যে কেউ তার রক্ষণভাগ সামলানোর জন্য শুরুতে রাখবেন পাওলো নাম। কিন্তু দাদা ও বাবার মতো ডিফেন্ডার হননি ড্যানিয়েল। হয়েছেন ফরোয়ার্ড। মিলান পেল আরেক বিশ্বস্ত মালদিনিকে।
সেই ড্যানিয়েলই আরেকবার পরিবারের নাম উজ্জ্বল করলেন। আবারও আলোচনায় আনলেন মালদিনি পরিবারকে। ড্যানিয়েল ও ব্রাহিম দিয়াজের গোলে স্পেজিয়াকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে মিলান।
৪৮তম মিনিটে কালুলুর ক্রস থেকে হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ড্যানিয়েল। ৮০তম মিনিটে ভার্ডের গোলে সমতায় ফেরে স্পেজিয়া। এর ৬ মিনিট পর মিলানের জয়সূচক গোল করেন দিয়াজ।
মিলানের হয়ে লিগে মালদিনি পরিবার গোল পেল ১৩ বছর ১৭৯ দিন পর। বাবা পাওলোর পর স্কোরশিটে নাম লেখালেন ড্যানিয়েল। দাদা সিজারের মিলানের হয়ে শেষ গোলটি করেছিলেন ৬০ বছর ২২ দিন আগে।
মালদিনি পরিবারের ইতিহাস রচনার রাতে সিরি’আর চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে স্তেফানো পিওলির দল। ৬ ম্যাচের মিলানের পয়েন্ট ১৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।
