ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে জাকিয়া বেগম ও জাকির হোসেন নামে যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কু-া ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই দিন দুপুরে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের গোপীহাটি গ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মারা যাওয়া দুই শিশু মসলেন্দপুর গ্রামের মাসুক মিয়ার সন্তান। তাদের বয়স আড়াই বছর।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের মা এসে দেখেন সন্তানরা উঠানে নেই। পরে আশপাশে খোঁজ করেও না পেয়ে বাড়ির পাশে পুকুরে গিয়ে দেখেন তাদের মধ্যে একটি শিশুর মরদেহ ভাসছে। পরে স্থানীয়দের সহযোগিতায় অন্য শিশুর মরদেহও ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।
মসলেন্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. রাজ্জাক মিয়া পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের গোপীহাটি গ্রামে পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন হলো উজ্জ্বল মিয়ার মেয়ে মাহি আক্তার (৮) ও তিশা আক্তার (৬)।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাহি ও তিশা তাদের মায়ের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। মা পুকুরে কাপড় ধোয়া শেষে ঘরে ফিরে আসেন। কিন্তু দুই বোন থেকে যায়। বিষয়টি খেয়াল করেননি মা। একপর্যায়ে দুই বোন পানিতে পড়ে ডুবে যায়।
এদিকে মা ঘরে ফিরে দুই মেয়েকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ির লোকজন পুকুরে গিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
