কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীদের মধ্যে ঝগড়ার জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই প্রশান্ত বেদে’র (৪০) নিহতের অভিযোগ উঠেছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত প্রশান্ত বেদে বিত্তিপাড়া পান হাট এলাকার বাসিন্দা খলসি বেদের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কলহ চলছিল। সোমবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি ও মারামারি লেগে যায়। এ সময় বড় ভাই আনন্দ বেদের (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই প্রশান্ত বেদে মাথা, গলা ও ঘাড়ে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান।
পরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডা. এম এইচ এস নির্ঝর বলেন, প্রশান্ত নামের রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মারামারি করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে একজন নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় মামলা নিয়ে আসেনি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
