চুয়াডাঙ্গায় নিজের বাল্যবিয়ে ঠেকাল স্কুলছাত্রী

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

নিজের বাল্যবিয়ে ঠেকাতে আইনি সহায়তা চেয়ে নিজেই দরখাস্ত নিয়ে থানায় হাজির হয় এক স্কুলছাত্রী। গতকাল মঙ্গলবার দুপুরে ওই ছাত্রী চুয়াডাঙ্গা সদর থানায় ওসির কাছে সেই দরখাস্ত জমা দেয়।

পরে পুলিশের একটি দল কিশোরীর বাসায় গিয়ে তার মা ও বাবাকে বুঝিয়ে বলার পর তারা বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং মেয়ের পড়াশোনা চালানোর ব্যাপারে সম্মত হন।

পুলিশ জানায়, শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর (১৬) বাবা চা  দোকানদার ও মা মুড়ি কারখানায় দৈনিক মজুরিতে কাজ করেন। সম্প্রতি পরিবার তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিশোরী তাদের বারবার বুঝানোর পরেও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের জন্য ছেলে ঠিক করেন। উপায় না দেখে  কিশোরী থানায় হাজির হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ সকালে থানায় এক শিক্ষার্থী একটি দরখাস্ত নিয়ে আসে। তার অভিযোগ, মা ও খালা তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু সে পড়তে চায়। পরে আমরা গিয়ে তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে তার পড়াশোনা চালু রাখার ব্যবস্থা নিই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত