অপেশাদার দুই ডুবুরি সমুদ্রগর্ভে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ তারা দেখলেন সমুদ্রতলে ছড়িয়ে আছে সোনার মুদ্রা। চমকে গিয়ে তুলে আনলেন কয়েকটি। পরে জানা গেলে সেগুলো দেড় হাজার বছরের পুরনো। ইতিহাসবিদেরা বলছেন, স্বর্ণমুদ্রাগুলো রোমের বিভিন্ন সম্রাটের আমলে তৈরি করা।
শুধু তা-ই নয়; তাদের ভাষ্য, এযাবৎ যত রোমান মুদ্রা উদ্ধার হয়েছে, তার মধ্যে এ সংগ্রহটিই অন্যতম বড়।
স্পেনের পূর্ব উপকূলে ইবিজা থেকে সামান্য দূরে ভূমধ্যসাগর লাগোয়া প্রাচীন শহর জাবিয়া। একসময় রোমের উপনিবেশ ছিল এই শহর। জাবিয়াতেই দুই ডুবুরি খুঁজে পেয়েছেন এসব মুদ্রা। অবশ্য পরে তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন স্পেনের প্রত্নতত্ত্ববিদেরাও। সব মিলিয়ে তারা ৫৩টি স্বর্ণমুদ্রা উদ্ধার করেন। এর মধ্যে ৫২টির সময়কাল জানতে পেরেছেন অ্যালিসান্টে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
এক বিবৃতিতে তারা জানিয়েছেন, এই আবিষ্কারে তারা বেশ উচ্ছ্বসিত। এর কারণ মুদ্রাগুলো দেড় হাজার বছরের পুরনো হলেও এখনো বেশ ঝকঝকে। যে কারণে মুদ্রায় খোদাই করা রোমান সম্রাটদের ছবি এবং লিপি স্পষ্ট বোঝা গেছে। আর সেগুলো তৈরির সময় সম্পর্কেও স্পষ্ট ধারণা পাওয়া গেছে।
গবেষকদের ধারণা, মুদ্রাগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করা হয়েছিল বলেই এত বছর ধরে পানির নিচে থেকেও নষ্ট হয়নি।
মুদ্রাগুলোর সঙ্গে বেশ কয়েকটি তামার পেরেকও উদ্ধার করেছিলেন ডুবুরিরা। তবে গবেষকদের ধারণা, সেটি হয়তো কোনো সিন্দুকের, যাতে স্বর্ণমুদ্রাগুলো ভরে কেউ সমুদ্রে ফেলে দিয়েছিলেন।
গবেষক দলের প্রধান অধ্যাপক জেমি মলিনা ভিডাল জানিয়েছেন, স্বর্ণমুদ্রাগুলো তাদের সামনে ইতিহাসের একটি অজানা দরজা খুলে দিয়েছে। বেশ কিছু অজানা সূত্রও জোড়া লাগানো যাবে তা দিয়ে।
