সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য প্রধান কোচ খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইতিমধ্যে বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েই শূন্য পদে বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছেন রমিজ রাজা। এখন কেবল বাকি আছে প্রধান কোচের আসন।
সেই পদে জোরেশোরে শোনা যাচ্ছে সাকলাইন মুশতাকের নাম। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের প্রধান কোচ হওয়ার দৌড়ে সবার সামনেই আছেন সাবেক এই অফ-স্পিনার।
এছাড়া ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানায়, বিশ্বকাপের জন্য মুশতাককে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারেন পিসিবি সভাপতি রমিজ রাজা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজেও প্রধান কোচ হিসেবে ৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের দায়িত্ব পালন করার কথা ছিল।
এর আগে, পিসিবির সভাপতি নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ ও দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডারকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেন রমিজ রাজা।
৬ অক্টোবর লাহোরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফিল্যান্ডার। ব্যাটিং কোচ হিসেবে দুবাইতে যোগ দেন হেইডেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাকিস্তান লাহোর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে ১৫ অক্টোবর।
