কক্সবাজারের উখিয়ায় লাম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে বুধবার রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনা রোহিঙ্গা শিবিরে নিরাপত্তা দিতে বর্তমান সরকারের ব্যর্থতার আরো একটি কু-নজির। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ যিনি রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অত্যন্ত সোচ্চার ছিলেন, তাকে গুলি করে বর্বরোচিত কায়দায় হত্যার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি বলেন, মহিবুল্লাহ রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। রোহিঙ্গা শিবিরে তাকে নির্মমভাবে প্রকাশ্যে হত্যার ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ এই সরকার দেশে আশ্রিত রোহিঙ্গাদের এখন নিরাপত্তা দিতেও সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। দেশে যে জানমালের কোনো নিরাপত্তা নেই, আইনশৃঙ্খলার কোনো বালাই নেই, তার নিকৃষ্ট প্রমাণ হলো উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাকে গুলি করে হত্যা।
