মানিকগঞ্জের সিঙ্গাইরে মোবাইল চুরির অপবাদ দিয়ে ন্যাড়া করে ফেসবুকে ছবি পোস্ট করায় ছয়জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের শাহ মেরিন রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।
টকরা হলেন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার রুহুলী গ্রামের সাদ্দাম (২৬), কুমিল্লা জেলার হোমনা থানার চিৎপুর গ্রামের জসিম (২০), একই এলাকার আসাদপুর গ্রামের সাইদুল (২২), বগুড়া জেলার সারিয়াকান্দি থানার চর আকবহাই গ্রামের সুবেল রানা (১৮), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার আকাশি গ্রামের রাব্বি (১৮), মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার কাথাদিয়া গ্রামের মিরাজুল (২৫)।
ভুক্তভোগীরা হলেন রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার ডাউকি গ্রামের এক কিশোর (১৮) ও রংপুর জেলার পীরগঞ্জ থানার পিয়ারাপাড়া গ্রামের আরেক কিশোর (১৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দুই কিশোর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর গ্রামের শাহ মেরিন রিসোর্টে রুম ম্যান ও ওয়েটার হিসেবে কাজ করে আসছিল। হঠাৎ বৃহস্পতিবার বিকেলে ওই রিসোর্টের কর্মরত সাদ্দাম গংরা ভিকটিমদের মোবাইল চুরির অপবাদ দিয়ে মাথার চুল ও চোখের ভ্রু কেটে ফেলে এবং মারধর করে। এরপর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। এ ঘটনায় ফেসবুকে তোলপাড় শুরু হয়। বিষয়টি থানা পুলিশের নজরে এলে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তদের আটক করা হয়।
এ বিষয়ে শাহ মেরিন রিসোর্টের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্লা ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের নামে মামলা হলে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
