মুহিবুল্লাহ হত্যায় যুবক আটক

আপডেট : ০২ অক্টোবর ২০২১, ০২:০৮ এএম

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহতের ঘটনায় মো. সেলিম ওরফে লম্বা সেলিম (২৭) নামে একজনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লম্বাশিয়া শিবিরের পার্শ্ববর্তী কুতুপালং ক্যাম্প-৬ এলাকার একটি আস্তানা থেকে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

১৪ এপিবিএন অধিনায়ক মো. নাঈমুল হক বলেন, ‘মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম নামে একজনকে আটকের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’ উখিয়া থানার ওসি আহমদ মঞ্জুর মোর্শেদ জানান, সেলিম নূরুল বশরের ছেলে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

গত বুধবার রাতে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের নিজ কার্যালয়ে মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় অজ্ঞাত ২৫ জনের নামে হত্যা মামলা করেন।

চার সন্তানের জনক মুহিবুল্লাহ মিয়ানমারে থাকাকালে একটি স্কুলে শিক্ষকতা করতেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে আলোচনায় আসেন তিনি। এছাড়া জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগ দিয়ে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন মাস্টার মুহিবুল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত