মিরপুর থেকে নিখোঁজ আরও ৪ মেয়েশিশু

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০২:৩৩ এএম

রাজধানীর মিরপুর এলাকা থেকে আরও চার মেয়েশিশু নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ। এর মধ্যে গত শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে দুই শিশু ও ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প এলাকা থেকে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের পরিবার। এর আগে গত ৩০ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় তিন কলেজছাত্রী। তাদের খোঁজ এখনো মেলেনি।

গতকাল সোমবার মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। তাদের একজনের বয়স ১৪ ও অপরজনের ১৩ বছর। এ ঘটনায় শনিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকেলে তারা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এদের মধ্যে একটি মেয়ে একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা নেই। মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যজন ওই বাসারই গৃহকর্মী।

তিনি জানান, এর আগে গত ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে আরও দুই শিশু নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের এক জনের বয়স ১৩ আরেকজনের ১০ বছর। এ ঘটনায় এক শিশুর মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদের মধ্যে একটি শিশু কলম কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। ওসি বলেন, চার শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার মিরপুরের পল্লবী এলাকার বাসা থেকে বের হয়ে তিন কলেজছাত্রী নিখোঁজ হয়। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। ঘটনার পাঁচ দিন পরও তাদের খোঁজ মেলেনি। মিরপুর পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আরিফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। অভিযান চলছে।

থানা সূত্রে জানা গেছে, দেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও নিখোঁজ শিশুদের স্বজনদের সন্দেহ তারা কোনো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে মো. রকিবল্লাহর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর তিন আসামির বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত