মেয়েকে গলা কেটে হত্যার তিন দিন পর বাবাকে একইভাবে হত্যাচেষ্টা

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০১:২৪ পিএম

কুমিল্লার চান্দিনায় মাদ্রাসাছাত্রী ছালমা আক্তারকে (১৪) গলা কেটে ও কুপিয়ে হত্যার তিন দিন পর বাবা সোলাইমানকে (৪০) একইভাবে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হলে তাকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়।

এর আগে শুক্রবার রাতে মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অজ্ঞাত তিনজনসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন সোলাইমান। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোলাইমানের ছেলে ইউসুফ জানান, সন্ত্রাসীরা ভোরে বাবাকে গলা কেটে হত্যার চেষ্টা করার সময় আমরা টের পেয়ে যাই। আমার বোন হত্যার আসামিদের এখনো গ্রেপ্তার করছে না পুলিশ, তারা শুধু তদন্ত করে যাচ্ছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, মেয়েকে হত্যার পর বাবাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। ছালমা হত্যার আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত