বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছার পর মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করে টাইগাররা।
স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঘাম ঝরান রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
রবিবার রাতে ঢাকা ছেড়ে যাওয়া বাংলাদেশ দল ওই দিন স্থানীয় সময় ভোর ৪ টার দিকে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
এরপর সোমবার পুরোদিন রুম কোয়ারেন্টাইনে ছিলেন সবাই।
দলের সঙ্গে যোগ দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গোসহ টিম ম্যানেজমেন্টের সদস্যরা।
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর। তবে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্প করতে একটু আগেভাগেই ওমান গেছে।
প্রথম পর্বে বাংলাদেশের সবগুলা ম্যাচই হবে ওমানে। ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ টাইগারদের।
