১২০টি নতুন বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’ নামে শুরু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক কার্যক্রম। কেরাণীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিমি দৈর্ঘ্যের প্রস্তাবিত রুটে ১ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক এ যাত্রা শুরু হবে।
মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি শেখ ফজলে নূর তাপস।
মেয়র তাপস বলেন, ‘আমরা দায়িত্বভার গ্রহণের পর গত বছরের ৬ অক্টোবর আমাদের প্রথম সভা (কমিটির ১২তম সভা) করি। এই করোনা মহামারির মাঝেও আমরা পুরোদমে কাজ করে চলেছি। যার ফলে আজকে আনন্দের সাথে বলতে পারি যেটা দীর্ঘ প্রতীক্ষিত ছিল, যেটা অত্যন্ত জটিল, দূরুহ সমস্যা ছিল, তা আমরা সমাধানের কাছাকাছি নিয়ে এসেছি। আজকে আমরা একটি চূড়ান্ত তারিখ দিতে পারছি। ঘাটারচর থেকে কাঁচপুর এ পাইলটিং রুটে নতুন নিয়মে, নতুন পদ্ধতিতে বাস চলবে। এর ফলে নতুন বাসের মাধ্যমে জনগণকে মানসম্পন্ন সেবা প্রদান করা সম্ভব হবে।’
শেখ তাপস বলেন, ‘এই সভার নেপথ্যে, অন্তরালে দীর্ঘ প্রক্রিয়া ও দীর্ঘ কার্যক্রমের মাধ্যমে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। আমরা আশা করছি আগামী পহেলা ডিসেম্বরে বাস চলাচলের উদ্বোধন করা হবে। বাকি যে সময় আছে, এর মধ্যে বাকি কার্যক্রম সম্পন্ন করা হবে। পরীক্ষামূলক নতুন রুটে কোনো পুরোনো বাস থাকবে না। এখন এই রুটে যে বাসগুলো চলছে, সেগুলোর মধ্যে ২০১৯ সালের ১ জানুয়ারির পর কেনা বাস থাকবে। বাকি বাসগুলো উঠিয়ে নেয়া হবে। এর সঙ্গে নতুন বাস যোগ হবে। সবমিলিয়ে এই রুটে ১২০টি নতুন বাস চলাচল করবে। এই প্রস্তাবনায় পরিবহন মালিকসহ সকলেরই সম্মতি রয়েছে।’
সভায় ঢাকা ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এ রুটে চলাচলকারী পরিবহনের ড্রাইভার এবং হেলপারের একটি নির্দিষ্ট পোশাক থাকবে। আগামী ২০ অক্টোবর এ রুটে চলাচলকারী বাসের ডিজাইন চূড়ান্ত করা হবে। আমরা মনে করি, পর্যায়ক্রমে ঢাকা শহরে গণপরিবহনের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।’
সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
