এস কে সিনহার মামলার রায় পিছিয়ে ২১ অক্টোবর

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৬:০১ এএম

ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের মামলার রায় ঘোষণার তারিখ পেছাল। গতকাল  মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, আদালতের বিচারক শেখ নাজমুল আলম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলী হোসাইন রায়ের জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেন।

এ মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম দেশ রূপান্তরকে বলেন, ‘আজ (গতকাল) এ মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামিরা আদালতে হাজির ছিলেন। তবে বিচারক ছুটিতে আছেন জানিয়ে ভারপ্রাপ্ত বিচারক রায়ের জন্য আগামী ২১ অক্টোবর ধার্য করেন।’

গত ১৪ সেপ্টেম্বর এ মামলায় উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের ওপর শুনানি শেষ হয়। এর আগে আদালতে ২১ সাক্ষী সাক্ষ্য দেন।

বিচারকদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর ২০১৭ সালের ১১ নভেম্বর বিদেশে বসে পদত্যাগ করেন এসকে সিনহা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। ২০১৮ সালের অক্টোবরে দুদক কর্মকর্তারা জানান, ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে দুই ব্যবসায়ী শাহজাহান ও নিরঞ্জনের নামে ভুয়া নথি ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৪ কোটি টাকা আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থ বিচারপতি এস কে সিনহার হিসাবে জমা দেওয়া হয়। এ অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই এস কে সিনহা ও অপর ১০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার অন্য আসামিরা হলেনফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী সালাহউদ্দিন, সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) এ কে এম শামীম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (এফভিপি) স্বপন কুমার রায়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) লুৎফুল হক, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (এফভিপি) সফিউদ্দিন আসকারী, এস কে সিনহার পূর্বপরিচিত রণজিৎ চন্দ্র সাহা, রণজিতের স্ত্রী সান্ত্রী রায়, টাঙ্গাইলের মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা। এস কে সিনহা, সফিউদ্দিন আসকারী, রণজিৎ চন্দ্র সাহা ও সান্ত্রী রায় পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে মামলার শুনানি হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ৯ ডিসেম্বর এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে  অভিযোগপত্র (চার্জশিট) দেয় দুদক। গত বছরের ১৩ আগস্ট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর আদেশ আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত