একটি অধিকার সংগঠন জানিয়েছে, তালেবানদের হাতে নিহত হয়েছে হাজারা জাতিগোষ্ঠীর ১৩ সদস্য, যাদের মধ্যে এক কিশোরীও রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, আগস্টে দাকুন্ডি প্রদেশে গণহত্যার চালানোর প্রমাণ রয়েছে তাদের হাতে।
সংগঠনটির প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতদের মধ্যে নয়জন সাবেক সরকারি সেনা, যারা তালেবানের হাতে আত্মসমর্পণ করেছিলেন।
অ্যামনেস্টি বলছে, এ হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের শামিল।
তবে অভিযোগ অস্বীকার করে তালেবান বলছে, অ্যামনেস্টির প্রতিবেদনে গল্পের ‘একটি দিন’ তুলে ধরা হয়েছে।
আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী হাজারা মূলত শিয়া ইসলাম অনুশীলন করে। তাদের ওপর দীর্ঘমেয়াদি নিপীড়ন চালানোর জন্য আফগানিস্তান ও পাকিস্তানের সুন্নিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আগস্টে রাষ্ট্রীয় ক্ষমতা তালেবানদের হাতে যাওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার হাজারা সদস্যদের হত্যার অভিযোগ এসেছে।
অ্যামনেস্টি জানায়, সাম্প্রতিক হত্যাকাণ্ডের শিকার দুজন ছিলেন বেসামরিক নাগরিক। যাদের একজন ১৭ বছরের কিশোরী। তালেবানরা পরিবারের সদস্যদের ওপর গুলি চালালে ওই কিশোরী নিহত হয়।
আগস্টে প্রকাশিত আরেক প্রতিবেদনে অ্যামনেস্টি তালেবানের বিরুদ্ধে জুলাইয়ে গজনি প্রদেশে হাজারা জনগোষ্ঠীর ৯ সদস্যকে হত্যার অভিযোগ এনেছিল।
