পুনাক সভানেত্রী জীশান মীর্জা গাজীপুরের গিভ অ্যান্ড সি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত খোকনকে দেখতে গিয়েছেন। তিনি খোকনের সঙ্গে কথা বলেছেন, তার খোঁজ-খবর নিয়েছেন। তিনি খোকন এবং তার রুমে বসবাসরত সবাইকে খাবার, ফতুয়া, লুঙ্গি, খেজুর, বিস্কুট ইত্যাদি উপহার দিয়েছেন।
পুনাক সভানেত্রীর মানবিক উদ্যোগ ও বদান্যতায় খোকন খুশী হয়েছেন বলে জানান।
পুনাক সভানেত্রী ওই প্রতিষ্ঠানে বসবাসরত বিভিন্ন বয়সের প্রায় ১৭৭ জনের সবার মাঝে খেজুর বিতরণ করেন। এ সময় প্রতিষ্ঠানের বয়স্ক নারীরাও তাকে দেখতে আসেন। তারা অতি আপনজনের মতো তার সঙ্গে গল্পে মেতে ওঠেন। কেউ কেউ এ সময় আবেগাপ্লূত হয়ে পড়েন, অনেকে আবার কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ পুনাক সভানেত্রীকে 'মা' বলে সম্বোধন করেন। এ সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
উল্লেখ্য পায়ে পচন নিয়ে ফুটপাতে পড়ে থাকা খোকনকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছেন পুনাক সভানেত্রী। চিকিৎসা শেষে গিভ অ্যান্ড সি বয়স্ক কেন্দ্রে তার পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন তিনি।
এদিকে পুনাক জানায়, তাদের সংগঠনকে একটি আত্মমর্যাদাশীল ও জনকল্যাণমূলক সংগঠনে পরিণত করার লক্ষ্যে বর্তমান সভানেত্রী জীশান মীর্জা নিরলস কাজ করে যাচ্ছেন। পুনাকের সাংগঠনিক কার্যক্রম আরো জোরদারের জন্য বুধবার সকালে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে গাজীপুর জেলা পুনাক ভবন উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি বলেন, গাজীপুরে পুনাক ভবন উদ্বোধনের মধ্য দিয়ে এর কার্যক্রমে আরো গতিশীলতা আসবে।
তিনি পুনাকের প্রতিটি সদস্যকে মানবতার সেবায় এগিয়ে এসে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে পুনাক কেন্দ্রীয় কমিটি এবং গাজীপুর জেলা পুনাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
