মোহামেডান-আবাহনীর বড় জয়ে শুরু ক্লাব কাপ হকি

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৮:০৭ পিএম

দুই পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের বড় জয়ে শুরু হলো ক্লাব কাপ হকি প্রতিযোগিতা।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের প্রস্তুতিমূলক এই আসরের প্রথম ম্যাচে অ্যাজাক্স এসসিকে ৮-২ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম একাই করেন চার গোল।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে হারায় আবাহনী লিমিটেড।

ক্লাব কাপ হকি দিয়ে প্রায় সাড়ে তিন বছর পর মাঠে ফিরল হকির ক্লাব প্রতিযোগিতা। এই আসর শেষেই শুরু হবে বহুল কাঙ্ক্ষিত লিগ। দলগুলো মূলত এই আসরে লিগের জন্য নিজেদের তৈরি করে নেয়।

মোহামেডানের বড় জয়ে আশরাফুল তার চার গোলের দুটি করেন পেনাল্টি কর্নার থেকে, দুটি পেনাল্টি স্ট্রোক থেকে। এ ছাড়া জোড়া গোল করেন রাজিব দাস। একটি করে গোল করেন সারোয়ার মোর্শেদ শাওন ও নাসির হোসেন।

অ্যাজাক্সের পক্ষে গোল দুটি করেন সাব্বির হোসেন ও মোশারফ হোসেন কুটি।

এদিকে আবাহনীর জয়ে জোড়া গোল করেন শফিউল আলম শিশির। একটি করে গোল করেছেন রোমান সরকার, পুষ্কর খীসা মিমো ও আরশাদ হোসেন।

শুক্রবার দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে সোনালী ব্যাংক খেলবে আজাদ স্পোর্টিংয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মেরিনার ইয়াংস ক্লাব খেলবে বাংলাদেশ স্পোর্টিংয়ের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত