শ্রীলঙ্কার বিপক্ষেও পয়েন্ট হারাল ভারত

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১০:৪৫ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দল শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট হারাল রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারত।

বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১-১ ড্র করেছিল ভারত।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর শুরু করেছিল লঙ্কানরা। এরপর নেপালের বিপক্ষে তাদের হার ৩-২ গোলে।

এদিন ভারতের সঙ্গে ড্রয়ে আসরে প্রথম পয়েন্টের দেখা পেল দলটি। যদিও পাঁচ দলের আসরে তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে শ্রীলঙ্কা।

ভারত টানা দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের তিনে। ফাইনাল খেলার সম্ভাবনা কিছুটা শঙ্কার মুখেই পড়ে গেল দলটির।

২ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে নেপাল আছে টেবিলের শীর্ষে। ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের দুইয়ে।

দিনের দ্বিতীয় ম্যাচে টেবিলের চারে থাকা মালদ্বীপের বিপক্ষে খেলছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে টেবিলে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে জামাল ভূঁইয়াদের সামনে।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে প্রতি দল একবার করে একে অপরের মুখোমুখি হবে। এরপর সেরা দুটি দল খেলবে ফাইনালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত