ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপ যাত্রায় আরও এগিয়ে ব্রাজিল

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০৯:৪১ এএম

শুরুতেই গোল হজম। এরপর দীর্ঘ সময় ভেনেজুয়েলার চোখ রাঙানি। তবে সব শঙ্কা উড়িয়ে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব টেবিলে লাতিন অঞ্চল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। চলতি আসরে নয় ম্যাচে এটি তাদের নবম জয়।

ঘরের মাঠে শুক্রবার শুরুতেই এরিক রামিরেস এগিয়ে নেন ভেনেজুয়েলাকে। একাদশ মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ভেনেজুয়েলা।

ডান দিক থেকে ইয়েফেরসন সোতেলদোর চমৎকার ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকানোর চেষ্টায় ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কিনিয়োস ও ফাবিনিয়ো। এ সুযোগে এরিক রামিরেস বাকিটা সারেন অনায়াসে।

হলুদ কার্ডের খড়্গ থাকায় দলে ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। দাঁতের সমস্যায় মিডফিল্ডের সবচেয়ে বড় ভরসা কাসেমিরোকেও পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের অভাব টের পায় তিতের শিষ্যরা।

এই গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। প্রতি-আক্রমণে মাঝে মধ্যেই ভীতি ছড়াচ্ছিল ভেনেজুয়েলা।

পরে ৭১তম মিনিটে সমতা আনেন মার্কিনিয়োস। রাফিনিয়ার কর্নারে সবার ওপর লাফিয়ে জোরালো হেড করে বল জালে পাঠান তিনি। লক্ষ্যে এটাই ছিল ব্রাজিলের প্রথম শট।

এরপর ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন বারবোসা। তাকেই অস্কার গনসালেস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সফরকারীরা।

আর ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন এন্থনি।

এ নিয়ে ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লাতিন অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে ব্রাজিল। আর ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ভেনেজুয়েলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত