লক্ষ্মীপুরে ৬ মাদ্রাসাছাত্রের চুল কাটলেন শিক্ষক

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০১:৩২ এএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের হামছাদী কাজির দীঘিরপাড় আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ছাত্রদের পাঠদান বন্ধ করে ডেকে এনে সহকারী শিক্ষক মো. মঞ্জুরুল কবির চুল কেটে দেন। এ ঘটনার দুদিন পর গতকাল শুক্রবার রাতে তাকে আটক করেছে পুলিশ।

চুল কাটার দৃশ্যের একটি  ভিডিও ক্লিপ গতকাল ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ছাত্র ও অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দেয়।

মাদ্রাসার দাখিলের শিক্ষার্থী নাজমুল আলম ও ফজলে রাব্বী জানান, বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল। হঠাৎ শিক্ষক মঞ্জুরুল কবির শ্রেণিকক্ষে ঢুকে পাঠদান বন্ধ করে দেন। এরপর কাঁচি দিয়ে ছয় ছাত্রের মাথার চুল কেটে দেন তিনি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে অন্য ছাত্ররা ক্লাস বর্জন করেন। পরে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় তারা শ্রেণিকক্ষে ফেরেন।

ভুক্তভোগী এক ছাত্র বলেন, ‘মঞ্জুরুল স্যার ‘ক’ শাখার ছয়জনের চুল কেটে দিলেও ‘খ’ শাখার শিক্ষার্থীদের কিছুই বলেননি। লজ্জা ও তার মারধরের ভয়ে চার দিন মাদ্রাসায় যাচ্ছি না। এমনকি দাখিল পরীক্ষার ফরম পূরণ না করারও হুমকি দেন স্যার।’

অভিযুক্ত মঞ্জুরুল কবির বলেন, ‘আমি দাখিলের সব ছাত্রকে চুল কেটে ক্লাসে আসতে বলেছি। যারা আমার কথা শোনেনি তাদের কয়েকজনের চুল কেটে দিয়েছি। ছাত্রদের ভালোর জন্যই এটি করেছি।’ তবে ছাত্রদের মারধর কিংবা হুমকির অভিযোগ অস্বীকার করেন তিনি।

বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সি বলেন, ‘শিক্ষক মঞ্জুরুল কবির প্রায় ছাত্রদের সঙ্গে এমন ব্যবহার করেন। তার ভয়ে অন্য শিক্ষকরা প্রতিবাদ করেন না।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে গতকাল বিকেলে রায়পুর থানার পুলিশ মাদ্রাসা পরিদর্শন করেছে। এ সময় তারা ছাত্র ও অভিভাবকদের সঙ্গে কথা বলে। এরপর শিক্ষক মঞ্জুরুল কবিরকে রাত সাড়ে ৮টার দিকে বামনী ইউনিয়নের কাজিরদীঘিরপাড় এলাকা থেকে আটক করে পুলিশ। মঞ্জুরুল কবির বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

রায়পুর থানার ওসি আবদুল জলিল দেশ রূপান্তরকে বলেন, ‘ছয় শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার খবর পেয়ে মাদ্রাসা পরিদর্শন করা হয়েছে। ওই শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত