আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের পরামর্শক হিসেবে যোগ দিলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার। শুক্রবার খবরটি নিশ্চিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২০০৯-২০১৪ পর্যন্ত অ্যান্ডি ফ্লাওয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংল্যান্ড জাতীয় দলের। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংলিশরা। ইতোমধ্যে আফগানিস্তান ক্রিকেটের জৈব-সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন ৫৩ বছর বয়সী কোচ।
অ্যান্ডি ফ্লাওয়ারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ায় উচ্ছ্বসিত এসিবি চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি এক বিবৃতিতে জানান, ‘অ্যান্ডি এসিবিতে যোগ দেওয়ায় আমরা উচ্ছ্বসিত। অ্যান্ডি এর আগে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায়। তার বিশাল অভিজ্ঞতা বিশ্বকাপে দলকে সাহায্য করার জন্য খুবই উপকারী এবং দরকারি হব।
কোচিং ক্যারিয়ার শুরুর আগে জিম্বাবুয়ের হয়ে ৬৩ টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। ইংল্যান্ড জাতীয় দল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও টি-টোয়েন্টি লিগে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। তার মধ্যে আছে— আইপিএল, সিপিএল, পিএসএল ও দ্য হান্ড্রেড।
সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে অংশ নিতে আফগানরা ৬ অক্টোবর কাবুল থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন।
