আইপিএলে রবিবার সেই পুরোনো দিনের মতো ফিনিশারের ভূমিকায় আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার শেষের ঝড়ে দিল্লি ক্যাপিটালকে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস।
ধোনির সেই ইনিংস দেখে সঙ্গে সঙ্গে তাকে ‘সেরা ফিনিশার’ হিসেবে আখ্যা দিয়ে টুইট করেন বিরাট কোহলি। কিন্তু সেই টুইট আবার মুছেও ফেলেন ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। প্রশ্ন হচ্ছে কোহলি টুইটটি মুছে ফেললেন কেন?
আসলে পরে নতুন আরেকটি টুইট করেন কোহলি। যে টুইটের লেখা পুরোপুরি একই ছিল। শুধু বাড়তি একটি শব্দ জুড়ে দেন- ‘সর্বকালের’। অর্থাৎ কোহলির চোখে ধোনি শুধু ‘সেরা ফিনিশার’ নন, ‘সর্বকালের সেরা ফিনিশার’।
আইপিএলে প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৬ বলে অপরাজিত ১৮ রান করেন ধোনি। সুবাদে ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নামা চেন্নাই ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।
জয়ের জন্য শেষ ওভারে ১৩ রান প্রয়োজন ছিল চেন্নাইয়ের। টম কারেন আক্রমণে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন ১২ বলে ১৬ রান করা মইন আলিকে। তবে এরপর তিন চারে ম্যাচ নিজেদের করেন ধোনি। দলকে তোলেন ফাইনালে।
এরপরই কোহলি টুইট করেন। লেখেন, ‘এবং রাজা ফিরে এলেন… এই খেলার সেরা ফিনিশার। আজ রাতে আবারো নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন।’
মিনিট বিশের মধ্যে কোহলির অ্যাকাউন্ট থেকে নতুন টুইট ভেসে ওঠে। তাতে লেখেন, ‘এবং রাজা ফিরে এলেন। এই খেলার সর্বকালের সেরা ফিনিশার। আজ রাতে আবারো নিজের জায়গা থেকে লাফিয়ে উঠতে বাধ্য করলেন।’ সেই সঙ্গে প্রথম টুইটটি মুছে দেন কোহলি।
