দেশে ফসল রক্ষায় বছরে ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ইঁদুর নিধন

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৯:৩২ পিএম

ইঁদুরের হাত থেকে গত বছর প্রায় ৩৬০ কোটি টাকার ৮৯ হাজার ৮৭৬ টন ফসল রক্ষা করা হয়েছে। প্রতি বছর ইঁদুর প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার ফসল নষ্ট করে।

সোমবার জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২০ ও ’২১ সালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এ সময় বলা হয়, গত বছর প্রায় ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ইঁদুর নিধন করা হয়েছে। ২০১৯ সালেও অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ইঁদুর নিধন করে ৩০০ কোটি টাকার ফসল রক্ষা করা হয়েছে।

রাজধানীর খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর মাসব্যাপী এ ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে। এ বছরের অভিযান চলবে ১০ নভেম্বর পর্যন্ত। জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ এর প্রতিপাদ্য ‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’।

এ সময় ইঁদুরের ব্যাপক ক্ষতি থেকে ফসল রক্ষার পাশাপাশি ইঁদুর নিধন কার্যক্রমকে আরো জোরদারে অহ্বান জানান কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।

তিনি বলেন, প্রতিনিয়ত ইঁদুর কৃষকের কষ্টার্জিত ফসলের কয়েকগুণ নষ্ট করে। এ ক্ষতির পরিমাণ বছরে গড়ে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা।

তিনি বলেন, সবাইকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সম্মিলিতভাবে ইঁদুর নিধন করতে হবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তায় ইঁদুর দমন করা জরুরি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ আণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক মফিজুল ইসলাম ও বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ আমজাদ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত