ক্ষোভে পদত্যাগের ঘোষণা নেপালি কোচের

আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০১:৫৩ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন নেপাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আবদুল্লাহ আলমুতাইরি। রাগ ও ক্ষোভে এমন সিদ্ধান্ত জানিয়েছেন এই কুয়েইতি কোচ।

খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

আগামী শনিবার মালেতে ভারতের বিপক্ষে সাফের শিরোপা লড়াইয়ে নামবে নেপাল। সাফ চ্যাম্পিয়নশিপের ২৮ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালের টিকিটি পেয়েছে দেশটি।

গত বুধবার ‘অলিখিত সেমিফাইনালে’ বাংলাদেশের হৃদয় ভেঙে ফাইনাল নিশ্চিত করে নেপাল। কিন্তু এই ম্যাচের পরপরই ক্ষোভ উগরে পদত্যাগের ঘোষণা দিয়ে বসেন আলমুতাইরি।

অস্কার ব্রুজোনের শিষ্যদের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর ফাইনালের টিকিট পাওয়ার তিনি বলেন, ‘নেপালের কোচ হিসেবে ফাইনাল ম্যাচটিই হবে আমার শেষ ম্যাচ। আমি আর কখনো নেপালে ফিরব না।’

নেপালি এক মিডিয়ার আনা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের কারণে ক্ষোভ থেকে আলমুতাইরির এই সিদ্ধান্ত। ফেসবুকে পোস্ট দিয়ে আগেই তিনি দু’বার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

ক্ষোভ থেকে এবার নেপালের কোচ বলেন, ‘তারা আমার সম্পর্কে বাজে কথা বলেছে। আমার সম্মানে লেগেছে। তারা এই সংবাদ প্রকাশ করে আমার বিরুদ্ধে মানুষকে রাগান্বিত করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত