মেয়র আতিকুল বললেন

নতুন ১৮টি ওয়ার্ডে ১টি করে রাস্তার কাজ শুরু হবে

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০২:৪১ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘চলতি বছরে ২০ নভেম্বর থেকেই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের প্রত্যেকটিতে একটি করে রাস্তার নির্মাণকাজ শুরু হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত কামারপাড়া কবরস্থান রোডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, ‘জনগুরুত্ব বিবেচনায় ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের প্রতিটিতে একটি করে রাস্তা বাছাই করা হয়েছে এবং বাছাই করা রাস্তাগুলোর নির্মাণ করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ডিএনসিসির নিজস্ব অর্থায়নে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার ১৬৩ টাকা ব্যয়ে ৫৪ নম্বর ওয়ার্ডে কামারপাড়া কবরস্থান রোড তথা মিডল্যান্ড ব্যাংক থেকে তালুকপাড়া মোড় হয়ে কামারপাড়া কবরস্থান ও বামনারটেক মেইন রোড পর্যন্ত এবং রাজ্জাক মেম্বারের বাড়ি থেকে স্টার স্কুল পর্যন্ত সড়কের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।’

ডিএনসিসি মেয়র বলেন, স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতায় সবার সুবিধার জন্যই ১ দশমিক ৪৬ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট রাস্থাটির প্রস্থ ১২ ফুট থেকে ২০ ফুটে উন্নীত করা সম্ভব হয়েছে। কামারপাড়া বাজার থেকে সরকারবাড়ি পর্যন্ত চার লেনবিশিষ্ট রাস্তাটির নির্মাণকাজও আগামী মাসেই শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত