মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবদু নবী (৪০) নামে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আবদু নবী উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বসবাসরত ইমাম হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।
সূত্র জানায়, সম্প্রতি রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আরসার এই সদস্য নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল।
আটকের পর আবদু নবীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করেছে এনএসআই।
নাইক্ষ্যংছড়ি থানার (ওসি তদন্ত) মো. শরীফ ইবনে আলম বলেন, একজন আসামিকে তারা উখিয়া থানায় হস্তান্তর করেছেন। তবে সে আরসার সদস্য কিনা, তা জানা নেই।
