সিলেটে পূজামণ্ডপে হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১২

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৭:৪৯ পিএম

সিলেট নগরীর আখালিয়ার হালদারপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে হামলার অভিযোগে করা মামলায় ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, শনিবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) কাজী জামাল আহমদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মণ্ডপে হামলার অভিযোগে ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আড়াই শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা জানান, মামলার এজাহারে হালদারপাড়ার ভাটিবাংলা পূজা মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবী ও পুলিশের ওপর হামলার অভিযোগ করা হয়েছে। মণ্ডপের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে।

ওসি আরও জানান, মামলা দায়েরের পর ১২ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।      

উল্লেখ্য কুমিল্লার ঘটনার জেরে গত শুক্রবার জুম্মার নামাজের পর সিলেটের আখালিয়া এলাকায় মিছিল বের করা হয়। মিছিলকারীরা হালদারপাড়ার পূজামণ্ডপে ঢিল ছুড়ে মারেন ও হামলা চালান। হামলায় পূজা কমিটির ২ জন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত