বগুড়ায় প্রেমিকার আত্মহত্যার পর ৪তলা থেকে ঝাঁপ প্রেমিকের

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১২:১৩ পিএম

বগুড়ায় প্রেমিকের সঙ্গে কলহের জেরে বিষপানে নাহিদা আক্তার (১৮) নামে একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছেন। এরপর প্রেমিক জাকারিয়া (২৭) হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়েছেন। তার অবস্থা গুরুতর।

রবিবার রাত সাড়ে ৭টার দিকে দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত নাহিদা বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের (ইংরেজি মাধ্যম) একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের আক্তার হোসেন বাবুর মেয়ে।

বগুড়া শহরের বৃন্দাবন পাড়ার সানজিদা ছাত্রীনিবাসে থেকে নাহিদা পড়ালেখা করতেন। আহত জাকারিয়া কুষ্টিয়ার দহগ্রামের রুহুল আমিনের ছেলে।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, জাকারিয়ার সঙ্গে ফেইসবুকের মাধ্যমে নাহিদার পরিচয় হয়। সেখান থেকে প্রেম।

তিনি বলেন, রবিবার কুষ্টিয়া থেকে জাকারিয়া বগুড়ায় নাহিদার সঙ্গে দেখা করতে আসেন। ঘোরাফেরার একপর্যায়ে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়। এরই জেরে নাহিদা ‘গ্যাস ট্যাবলেট’ সেবন করেন। বিকেল ৪টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় শজিমেক হাসপাতালে নিয়ে যান জাকারিয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাহিদা।

শামিম হোসেন বলেন, নাহিদার মৃত্যুর কিছুক্ষণ পর জাকারিয়া হাসপাতালের চারতলায় উঠে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেন। এ সময় পুলিশ ও হাসপাতালের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করান। জাকারিয়ার অবস্থা আশঙ্কাজনক।

ফাঁড়ির পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, নাহিদার সহপাঠীদের মাধ্যমে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা বগুড়ায় পৌঁছেছেন। আহত ওই যুবকের পরিবারকেও সংবাদ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত