পানগাঁও আইসিটি টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ারুল ইসলাম ও তার পরিবারের তিন সদস্যের ব্যাংক হিসাবের তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
গত সোমবার বিএফআইইউ থেকে ব্যাংকগুলোকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, দেশের ব্যাংকগুলোতে গোলাম মো. সারওয়ারুল ইসলাম এবং তার স্ত্রী ও মেয়ের কোনো হিসাব থাকলে লেনদেনের তথ্য পাঠাতে হবে।
সাধারণত আইন প্রয়োগকারী সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে থাকে বিএফআইইউ। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, ই-টিআইএন নম্বর, পিতা-মাতার নাম ও স্থায়ী ঠিকানা সরবরাহ করা হয়, যাতে ব্যাংকগুলো তাদের হিসাব শনাক্ত করতে পারে।
বিএফআইইউ থেকে পাঠানো চিঠিতে উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব (ইসলামি ব্যাংকিংসহ) অতীতে বা বর্তমানে পরিচালিত হয়ে থাকলে সে সব হিসাবের যাবতীয় তথ্য (যাবতীয় কাগজপত্রাদিসহ হিসাব খোলার আবেদন ফর্ম, কেওয়াইসি, ট্রানজেকশন প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী) সংশ্লিষ্ট সব ধরনের তথ্য তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। তাদের নামে কোনো ফিক্সড ডিপোজিট, ঋণ হিসাব, এলসি খোলা হলে সে তথ্যও দিতে হবে। এসব হিসাবের নমিনির তথ্য ও নমিনিদের নামে কোনো হিসাব পরিচালিত হলে সেগুলোরও বিস্তারিত তথ্য চেয়েছে বিএফআইইউ।
২০১৯ সালের মে মাসে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের পাঁনগাও টার্মিনালের ব্যবস্থাপক গোলাম মো. সারওয়ারুল ইসলামকে সংস্থার নিয়ম ভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়। বন্দরের টার্মিনাল ব্যবস্থাপকের দায়িত্ব পালন করার সময় গোলাম মো. সারওয়ারুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। নির্দিষ্ট সময়ের পরে কনটেইনার জাহাজে তোলা বা অগ্রাধিকার ভিত্তিতে কনটেইনার খালাসে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে।
