রিয়ালের বড় জয়ে ভিনিসিয়াসের জোড়া গোল, ইন্টারের সহজ জয়

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১০:৪৮ এএম

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র।

ঘরের মাঠে ৩৭তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে শাখতার। লুকাস ভাসকুয়েজের ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সের্গি ক্রিভৎসভ।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ভিনিসিয়াস। লুকা মদরিচের পাস থেকে ৫১তম মিনিটের পর ৫৬তম মিনিটে করিম বেনজেমার পাসে শাখতারের জাল খুঁজে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ৭ গোল করলেন ২১ বছর বয়সী তারকা। তার মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগে পেলেন গোলের দেখা।

কেবল গোল করে বসে থাকেননি ভিনিসিয়াস। ৬৪তম মিনিটে স্বদেশি তারকা রদ্রিগোকে দিয়ে করিয়েছেন দলের চতুর্থ গোল। অতিরিক্ত সময়ের যোগ করা প্রথম মিনিটে মার্কো আসানসিও পাসে শাখতারের জালে শেষ বলটি জড়িয়ে দেন বেনজেমা।

চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপের আরেক ম্যাচে ঘরের মাঠ সান সিরোতে শেরিফ তিরাসপোলকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। তবে রিয়াল-ইন্টার জিতলেও পয়েন্ট তালিকায় শীর্ষে আছে আসরের নবাগত দল শেরিফ।

৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ৪ পয়েন্ট নিয়ে তিনে ইন্টার। এক পয়েন্ট নিয়ে সবার শেষে শাখতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত