সাইফ-মেহেদিকে জয়ের কৃতিত্ব দিলেন ‘ম্যাচসেরা’ সাকিব

আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১১:৫১ এএম

ভয় ধরিয়ে দিয়েছিল ওমান। বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে ২৪ রান করে ফেলেছিল স্বাগতিকেরা।

নিজেদের প্রথম ওভারে ১২ করে রান দেন দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তখনই মোহাম্মদ সাইফউদ্দীন এসে রানের লাগাম টেনে ধরেন।

তার প্রথম ওভারে ওমান নিতে পারে মাত্র ২ রান। তার মধ্যে মুস্তাফিজ ক্যাচ না ছাড়লে কাশ্যপ প্রজাপতির উইকেটও নিতে পারতেন সাইফ।

এরপর সাকিব আল হাসান বোলিংয়ে এলেও ওমান রানের গতি সচল রাখে। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে স্কোরবোর্ডে ৪৭ রান জমা করে টাইগারদের চোখ রাঙাতে থাকে ওমান। তবে মেহেদি এসে দুর্দান্ত স্পিনে সেই গতির লাগাম টানেন।

মুস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন ৩৬ রান। সাকিব ৪ ওভারে ২৮ ও তাসকিন ৪ ওভারে দিয়েছেন ৩১ রান। এই তিন অভিজ্ঞ বোলার রান দিলেও কিপটে বোলিংয়ে ওমানের রানের গতিতে বড় বাধা দেন সাইফ-মেহেদী। ৪ ওভারে সাইফ দিয়েছেন ১৬ আর মেহেদি দিয়েছেন ১৪ রান। সঙ্গে দুজনে নিয়েছেন একটি করে উইকেট।

ওমানের শেষ উইকেট ফায়াজ বাটকে ফিরিয়ে ৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। অন্যদিকে ব্যাট হাতে ২৯ বলে ৪২ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব।

তবে বিশ্বসেরা অলরাউন্ডার ম্যাচসেরা হলেও জয়ের কৃতিত্ব দিলেন সাইফ-মেহেদিকে। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে দুই অনুজের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করে সাকিব বলেন, ‘আমি মনে করি, সাইফউদ্দীন ও মেহেদি আমাদের জয়ের সন্ধিক্ষণ এনে দিয়েছে। দুজনে ৩০ রানেরও কম দিয়ে আমাদের ম্যাচে ফিরিয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ ২৬ রানে জিতেছে ওমানের বিপক্ষে। সুপার বারোতে যেতে হলে পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততেই হবে টাইগারদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত