শুরুটা দুর্দান্ত করেও শেষদিকের ব্যাটিং ব্যর্থতায় বেশি এগোতে পারল না আয়ারল্যান্ড। নামিবিয়াকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছে আইরিশরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে জয় ছাড়া বিকল্প নেই আয়ারল্যান্ড-নামিবিয়ার সামনে। বাঁচা-মরার ম্যাচে শুক্রবার শারজায় টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করেছে অ্যান্ড্রু বালবির্নির দল।
ওপেনিং জুটিতেই আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে পল স্টার্লিং ও কেভিন ও ব্রায়েন ৬২ রান জমা করেন। ইনিংসের ৭.২ ওভারে এই জুটি ভাঙেন বার্নার্ড শোল্জ।
২৪ বলে ৩৮ রান করে ফেরেন স্টার্লিং। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ও ব্রায়েন। ২৪ বলে ২৫ রানে সাজঘরে ফেরেন তিনি। ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর অধিনায়ক বালবির্নি চেষ্টা করেছিলেন দলের রান বাড়াতে।
কিন্তু পরের ব্যাটসম্যানদের কেউ আর দুই অঙ্কের ঘর পেরোতে পারেননি। সতীর্থদের ব্যর্থতায় বালবির্নি ২৮ বলে করেন ২১ রান।
নামিবিয়ার হয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ইয়ান ফ্রাইলিংক। ডেভিড ভিসে ২২ রানে নেন ২ উইকেট।
আসরের প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ থেকে টানা দুই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া আয়ারল্যান্ড-নামিবিয়ার মধ্যে যারা জিতবে তারাই সুপার টুয়েলভে যাবে। যেখানে তারা জায়গা করে নেবে গ্রুপ-২ এ।
