ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৪:০৮ এএম

কুমিল্লায় পূজামন্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানি, বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে মো. নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে নির্মিত ফুট ওভারব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপরে র‌্যাব-১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এর সত্যতা নিশ্চিত করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাবের অধিনায়ক জানান, কুমিল্লার নানুয়ার দীঘিরপাড় পূজামন্ডপের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে হিন্দু সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

সেই সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ ঘটেছে বলে নাজির হোসেন গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাজির হোসেন স্বীকার করেছেন শান্তিপূর্ণ সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনসাধারণকে উত্তেজিত করার অপচেষ্টা চালাস। তবে পরে তিনি পোস্টটি ডিলিট করে দিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত