ঢাকার রক মেটালের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে বই

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০২:৩১ পিএম

এক মলাটে বন্দী হচ্ছে ঢাকার রক মেটাল গানের ইতিহাস। শিগগিরই বাজারে আসতে যাচ্ছে বইটি।

মিলু আমান ও হক ফারুকের লেখা এ বইয়ের নাম ‘বাংলার রক মেটাল’, প্রকাশ হবে ২০২২ সালের একুশে গ্রন্থমেলায়। মোস্তাফিজ কারিগরের আঁকা প্রচ্ছদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বইয়ের খবর দিয়েছেন দুই লেখক।

দুই লেখক সংবাদমাধ্যমকে জানান, এই বইয়ে ৬০ দশক থেকে শুরু করে ২০২১ সাল পর্যন্ত বাংলা রক ও মেটাল মিউজিকের পূর্ণ ইতিহাস তুলে ধরা হবে। থাকবে শতাধিক রক ও হেভি মেটাল ঘরানার ব্যান্ডের জন্মকথা, পথচলার ইতিবৃত্ত ও ডিসকোগ্রাফি।

আরও বলেন, ‘আমরা উইকিপিডিয়া, বাংলাপিডিয়া বা ইন্টারনেট থেকে কোনো তথ্য নিয়ে এই বইটি সাজাতে চাই না। বরং সরাসরি ব্যান্ড সংশ্লিষ্ট মিউজিশিয়ান বা সদস্যদের কাছ থেকে তথ্য নিয়ে কাজটি করছি। বইতে আমরা চেষ্টা করছি শতাধিক ব্যান্ডের সর্বশেষ তথ্যটি তুলে ধরতে। রক ও মেটাল ধারার সব ব্যান্ডের তথ্যই থাকবে। বাদ  যাবে না ৯০ বা ২০০০ পরবর্তী সময়ের আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলোও।’

পূর্ব পাকিস্তানের প্রথম ব্যান্ড ‘আইওলাইটস’ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যান্ড ‘আন্ডারগ্রাউন্ড পিস লাভারস’ বা তার পরবর্তীতে ‘সোলস’, ‘মাইলস’, ‘এলআরবি’ থেকে আজকের ‘ট্রেইনরেক’ বা ‘গ্রাউন্ড ফোর্স’- সবার তথ্য নিয়ে সাজানো হচ্ছে গ্রন্থটির ইতিহাস পর্ব।

দেশের প্রথম হেভি মেটাল ব্যান্ড ‘ওয়েভস’ থেকে শুরু করে ‘ওয়ারফেজ’, ‘রকস্ট্রাটা’, ‘ইন ঢাকা’, ‘এসেস’;  তারও পরে ‘ক্রিপটিক ফেইট’, ‘আর্টসেল’, ‘ব্ল্যাক’, ‘মেটাল মেইজ’ হয়ে ‘নেমেসিস’, ‘এভয়েড রাফা’- সবার আলাদা আলাদা ইতিহাস, ডিসকোগ্রাফি তুলে ধরা হবে এই গ্রন্থে। ‘সুইট ভেনম’, ‘লেজেন্ড’, ‘পেপার রাইম’ বা ‘স্বাধীনতা’র মতো ব্যান্ড- যাদের কোনো তথ্যই সে অর্থে পাওয়া যায় না, তাদের পূর্ণাঙ্গ ইতিহাসও থাকবে এতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত