ইউপি নির্বাচন

নরসিংদীতে আ.লীগের সংঘর্ষ ৫ জন গুলিবিদ্ধ

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ০২:০৩ এএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে রায়পুরার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকার এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আশ্রাফুল হক এবং বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আলীর ছেলে জাকির গ্রুপের মধ্যে বিরোধ চাঙ্গা হয়। এর জের ধরে গতকাল বিকেলে নতুন বাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, এলাকার আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ নিয়ে একটু হট্টগোলও দেখা দেয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত