টি-টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেননি দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তার এই না খেলা নিয়ে এখন আলোচনার ঝড় বইছে।
ম্যাচের আগে সবার সঙ্গে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ম্যাচটি খেলেননি ডি কক।
ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) সকল খেলোয়াড়ের প্রতি নির্দেশিকা জারি করে। যেখানে বলা হয়, বিশ্বকাপের বাকি সব ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা দলকে বাধ্যতামূলকভাবে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সংহতি জানাতে হবে।
বোর্ডের এই নির্দেশে অস্বীকৃতি জানানোয় এখন শাস্তির মুখে পড়তে হতে পারে ডি কককে। সিএসএ জানিয়েছে, বোর্ড পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে।
ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এটি প্রোটিয়াদের প্রথম জয়।
গত জুনেও হাঁটু গেঁড়ে প্রতিবাদে অস্বীকৃতি জানিয়েছিলেন ডি কক। বলেছিলেন, ‘কারণ? এটা আমি নিজের কাছে রাখব। এটা আমার নিজস্ব ও ব্যক্তিগত মতামত।’
