ইংল্যান্ড ম্যাচের আগে বড় ধাক্কা বাংলাদেশ দলে। পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের।
আইসিসি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
সাইফউদ্দিনের বদলি হিসেবে রুবেল হোসেনকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
রুবেল হোসেন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গেই অবস্থান করছিলেন। সাইফউদ্দিন ছিটকে যাওয়ায় এখন চূড়ান্ত দলে যোগ হলো তার নাম।
২৮ টি-টোয়েন্টিসহ দেশের হয়ে মোট ১৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুবেল। তবে এপ্রিলে নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
সাইফউদ্দিন চলতি আসরে এখন পর্যন্ত বাংলাদেশের খেলা চারটি ম্যাচেই একাদশে ছিলেন। প্রতি ম্যাচেই উইকেট পেয়েছেন। আসরে চার ম্যাচে ৫ উইকেট তার নামের পাশে।
পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ দিকে ৬ বলে অপরাজিত ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন সাইফউদ্দিন। তার ছিটকে যাওয়ায় টুর্নামেন্টে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব অনুভব করবে বাংলাদেশ দল।
সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
