ক্যাম্প ন্যুয়ে সময়টা উপভোগ করতে চান কোম্যান

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৯:৩০ এএম

রোনাল্ড কোম্যান জানিয়েছেন, ক্যাম্প ন্যুয়ে সময়টা উপভোগ করতে চান তিনি। গত রবিবার এল ক্লাসিকোতে হারের পর থেকে বেশ চাপে আছেন বার্সেলোনা কোচ।

ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর বেশ কিছু বার্সা সমর্থক কোম্যানের গাড়ি ঘেরাও করেছিল। ডাচ কোচের ভাষায় তারা ‘অশিক্ষিত লোকজন’।

সমর্থকদের এমন আচরণের জবাব তিনি বলেন, ‘এটা সামাজিক সমস্যা। অশিক্ষিত লোকেরা নিয়ম ও মূল্যবোধ বুঝে না।’

সমর্থকেরা যাই বলুক না কেন, চাপের মুখেও ক্যাম্প ন্যুয়ে সময়টা উপভোগ করতে চান কোম্যান, ‘আমি বার্সায় সময়টা উপভোগ করতে চাই।’

কিন্তু আদতেই সুবিধাজনক অবস্থানে নেই কাতালান জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে হেরে লা লিগার পয়েন্ট তালিকার ৯ নম্বরে নেমে গেছে বার্সা। বুধবার রাতে কোম্যানের দলকে দেখা যাবে মাদ্রিদে। এক পয়েন্ট এগিয়ে থাকা রায়ো ভায়োকানোর মাঠে নামবে তারা।

এই ম্যাচের আগেও স্বস্তিতে নেই কোম্যান। কারণ দলের ‘নম্বর ১০’ আনসু ফাতিকে না পাওয়ার সম্ভাবনায় বেশি। ফের হাঁটুর চোটে পড়েছেন ১৮ বছর বয়সী তারকা।

কিন্তু ‘ব্যাক-টু-ব্যাক’ হার দেখতে চান না কোম্যান। এই ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ৫৮ বছর বয়সী কোচ, ‘আমি শিখছি এবং জানি কী কাজ করতে হবে। আমি মনে করি, মাদ্রিদে আমাদের এই ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’

ফাতির চোটের ব্যাপারে তিনি বলেন, ‘সে ঠিক নেই। সে এই সফরে যেতে পারবে কিনা তা বুধবার সকালে সিদ্ধান্ত নেবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত