চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রত্যাশী ১০ জন। বুধবার প্রার্থী তালিকার জন্য বিকেলে ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, সহসভাপতি আলী আশ্রাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, হাজী জসিম উদ্দিন প্রমুখ।
জানা গেছে, সভার শেষে নামের তালিকা নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। পরে চেয়ারম্যান পদে নৌকা প্রত্যাশী এস এম মানিক ও আনোয়ারের সমর্থকেরা বলাখালে এসে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।
এ সময় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ ছিল। পরে দুই পক্ষের সমঝোতায় অবরোধ প্রত্যাহার করে নেয় মানিক ও আনোয়ারের সমর্থকেরা।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, দুই পক্ষের সঙ্গে কথা বলে যান চলাচল সচল করা হয়েছে।
