বেগমগঞ্জে বাড়ির পাশেই আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:১৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে লাল সবুজ পরিবহনের কাউন্টার মালিক ও মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েদ ভূঁইয়া রিপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ওই সময় আক্রমণকারীরা তার সঙ্গে থাকা আড়াই লাখ টাকা নিয়ে যায়।

রিপন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত রফিক ভূঁইয়ার ছেলে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে পুলিশ নিহতের বাড়ির নিকটবর্তী বারিরহাটের বাদি গাছতলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে দুর্বৃত্তরা রিপনকে কুপিয়ে হত্যা করে বাড়ির ১০০ গজ পূর্বে মরদেহ ফেলে যায়।

তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ বা নিহতের পরিবার।

এ আওয়ামী লীগ নেতার স্বজন কাজিম উদ্দিন কাজল জানান, বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ পরিবহনের কাউন্টার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রিপন। অজ্ঞাত দুর্বৃত্তরা মাথায় ও বাম পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে চলে যায়। অসুস্থ ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল রিপনের। চিকিৎসা খরচ বাবদ আড়াই লাখ টাকা এ সময় সঙ্গে ছিল। ওই টাকা ও দুটি মোবাইল ফোন সন্ত্রাসীরা লুটে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হাসান জানান, নিহতের সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে রয়েছে বলেও তিনি জানান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত