রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীর দুদিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মোতালেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া ১৫ জন হলেন আবু সুফিয়ান, আবু হান্নান তালুকদার, জিহাদুল হক, ঝলক মিয়া, আল ইমরান, শাহাদাত হোসেন, সজিব, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান, হাসান আলী, মুতাছিম বিল্লাহ, গাজী সুলতান জুয়েল, রেজাউল ইসলাম প্রিন্স, শুক্কুর ও আবুল হোসেন হাওলাদার।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিনসহ ৯৭ জনকে আসামি করা হয়। এই মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। এর মধ্যে ১৫ জনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি নিয়ে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
