টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের অনেকেই সেমিফাইনালের স্বপ্নের কথা বলেছিলেন। সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারায় টাইগারদের সেই স্বপ্নে জোর ধাক্কা লেগেছে। তবে এখনো শেষ চারের আশা ছাড়েনি মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শুক্রবার শারজাহয় গ্রুপ-১ এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন নুরুল হাসান সোহান। এ সময় তিনি বলেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হল কালকের ম্যাচটা। দেশে থাকতে আমরা অনেকেই বলে এসেছি, সেমিফাইনালে খেলতে চাই। কালকের ম্যাচটা যদি জিততে পারি সেমিফাইনালের আশাটা থাকবে।’
সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচ হারায় বাংলাদেশের জন্য পরিস্থিতিটা এমন- আর একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। তখন দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ হবে শুধুই আনুষ্ঠানিকতার।
পারফরম্যান্স ও বর্তমান প্রেক্ষাপটে মিলে বাংলাদেশের সেমির স্বপ্ন কঠিন হয়ে গেছে অনেকটা। তবে সোহান মনে করেন একটা জয়ই বদলে দিতে পারে সব, ‘আগেও দেখেছি, বাংলাদেশ দলের খারাপ সময় এসেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবারো সেভাবে ফিরে আসতে পারি। আমরা কেবল একটা ম্যাচ জেতার জন্য অপেক্ষা করছি।’
বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ মিশন। যে হারে সুপার টুয়েলভও অনিশ্চিত হয়ে পড়ে। তবে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ে চাপ কাটিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে টাইগাররা।
ওমান ম্যাচের পর সেমিফাইনালের স্বপ্ন প্রসঙ্গে সাকিব আল হাসান বলেছিলেন, ‘স্বপ্ন কি সব সময় চেঞ্জ হয়? আমরা আমাদের আগের স্বপ্নেই আছি।’
দেখার বিষয়, আরেকবার ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে কিনা।
