পাকিস্তানে টিএলপির সঙ্গে সংঘর্ষে ৮ পুলিশ নিহত

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:৩৩ এএম

নিষিদ্ধ তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সশস্ত্র সদস্যদের সঙ্গে সংঘর্ষে গত দুদিনে আট পুলিশ সদস্য নিহত ও তিন শতাধিক আহত হওয়ার পর সংগঠনটিকে জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খবর ডন।

ফাওয়াদ চৌধুরী বলেন, ‘টিএলপিকে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার; তাদের লং মার্চে অংশগ্রহণকারীরা যেন কোনোভাবেই রাজধানীতে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে সেনাবাহিনী, রেঞ্জার্স ও পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোনো সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে পারে না। এজন্য সরকার একটি পিটিশন চূড়ান্ত করেছে, শিগগিরই সুপ্রিম কোর্টে দাখিল করা হবে।’

গত মঙ্গল ও বুধবার লাহোরের কাছে শেইখুপুরার মহাসড়কে টিএলপি সদস্যদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের আট সদস্য নিহত হন। ফ্রান্সের দূতাবাস বন্ধসহ বিভিন্ন দাবিতে টিএলপি রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরুর চেষ্টা চালালে এ সংঘর্ষ হয়। পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক রাও সরদার জানান, টিএলপি সরাসরি পুলিশের ওপর গুলি চালিয়েছে। তবে টিএলপির দাবি, পুলিশের অযাচিত আক্রমণে তাদের দুই সদস্য নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত