সুদানে ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করল সেনাশাসক

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০১:২৭ এএম

সুদানে অভ্যুত্থানের মাধ্যমে সদ্য ক্ষমতা দখল করা সেনাশাসক বিভিন্ন দেশে ও সংস্থায় থাকা নিজেদের ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

সুদানে গত সোমবার জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এ অভ্যুত্থানের সমালোচনা করায় গত বুধবার সুদানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের নির্দেশ দেয় সেনাশাসক। বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, কাতার, ফ্রান্স ও সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত ছিলেন।

তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে সুদানের সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশটি শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার।

গত সেপ্টেম্বরে ওমর আল-বশিরের অনুসারীদের একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির অন্তর্বর্তী বেসামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় সেনারা। এরই ধারাবাহিকতায় গত সোমবার সেনা অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ দেশটির একাধিক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। বন্ধ করে দেওয়া হয় খার্তুমের আন্তর্জাতিক বিমানবন্দর। দেশজুড়ে জরুরি অবস্থা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

এদিকে সামরিক অভ্যুত্থানের জেরে দেশটিতে সাহায্য স্থগিত করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘সুদানের পরিস্থিতি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। আমরা আশা করি, সুদানে উত্তরণ প্রক্রিয়ায় সততা এবং শান্তি ফিরে আসবে, যাতে দেশটি আবার অর্থনৈতিক উন্নয়নের পথে যাত্রা শুরু করতে পারে ও আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনে সঠিক জায়গা করে নিতে পারে।’

অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের প্রতিবাদে আফ্রিকান ইউনিয়ন (এইউ) সুদানের সদস্যপদ স্থগিত করেছে। যুক্তরাষ্ট্র ৭০ কোটি ডলারের সাহায্য বন্ধ করেছে। অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামা বিক্ষোভকারীদের প্রতি জনসমর্থন আরও বেড়ে জোরদার হচ্ছে আন্দোলন। গতকালও রাজধানী খার্তুমে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ হয়েছে। অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভে অন্তত ১০ জনের প্রাণহানির খবর এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত