করোনাভাইরাস মহামারীতে বৈশ্বিক উদ্যোগে নেতৃত্ব দেওয়া ইথিওপিয়ার তেদ্রোস আধানম গেব্রিয়াসিস আবারও পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের দায়িত্ব পেতে যাচ্ছেন। পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন, এ পদের জন্য ২৮টি দেশের মনোনীত একমাত্র প্রার্থী তিনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।
ডব্লিউএইচওর পক্ষ থেকে সংস্থাটির ১৯৪টি সদস্য দেশকে এ মনোনয়নের বিষয়ে পাঠানো চিঠির কথা উদ্ধৃত করে কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। সিল করা খামে সেপ্টেম্বর মাসের শেষদিকে এ চিঠি পাঠানো হয়। তিগ্রে সংঘাতের কারণে গেব্রিয়াসিসকে মনোনীত করতে অস্বীকৃতি জানিয়েছে ইথিওপিয়া। ফলে তাকে মনোনীত করতে অন্য দেশগুলোকে পদক্ষেপ নিতে হয়।
