শামসির ঘূর্ণিতে কাবু লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দিল নিশানকার ফিফটি

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৫:৪৬ পিএম

টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার তাবরিজ শামসি। এই বাঁ-হাতি স্পিনারকে সামলাতে হিমশিমই খেতে হলো শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের।

তার পাশাপাশি জুটল ডোয়াইন প্রিটোরিয়াসের পেস আক্রমণ। এই দুই দক্ষিণ আফ্রিকান বোলার কৃপণ বোলিংয়ের পাশাপাশি ভাগ করে নেন তিনটি করে উইকেট।

তার জন্য শামসি ৪ ওভারে খরচ হয়েছে ১৭ রান এবং প্রিটোরিয়াস তারচেয়ে এক ওভার কম করে দিয়েছেন সমান রান। এছাড়া দুই উইকেট শিকার করা এনরিখ নর্তশে ৪ ওভারে দিয়েছেন ২৭ রান। শুরুতে লঙ্কান ওপেনার কুশল পেরেরাকে (৭) বোল্ড করে ম্যাচের লাগাম প্রোটিয়াদের হাতে এনে দেন তিনি।

দ.আফ্রিকার বোলারদের সামনে যখন সতীর্থরা অসহায় আত্মসমর্পণ করছেন তখন এক প্রান্ত আগলে রেখে লঙ্কানদের লড়াকু পুঁজি এনে দিলেন পাথুম নিশানকা। অষ্টম উইকেট হিসেবে সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৬ চার ৩ ছয়ে ৭২ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

শনিবার বিকেলে শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে নিশানকার দুর্দান্ত ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪২ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

নিশানকা ছাড়া লঙ্কানদের হয়ে দুই অঙ্কের ঘর ছুঁয়েছেন কেবল চারিথ আসালাঙ্কা (২১) ও অধিনায়ক দাসুন শানাকা (১১)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত