নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারত। মাত্র ১১০ রানে শেষ করেছে চলমান বিশ্ব টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ইনিংস। বিশ্ব ক্রিকেটের পরাশক্তির এ দশায় অবাক অনেকে।
তবে তারা দর্শকদের অবাক করেছে ব্যাটিং লাইনআপ দিয়েও। এই ম্যাচে সহ-অধিনায়ক রোহিত শর্মা ৩ নম্বরে ব্যাট করতে আসেন। তার জায়গায় ওপেন করেন ঈশান কিশান, যিনি বিশেষ কিছু করতে পারেননি।
ঈশান কিশন আউট হওয়ার পর খেলতে নামেন রোহিত শর্মা। ট্রেন্ট বোল্টের প্রথম বলেই পুল শট মারতে গিয়ে ক্যাচ তোলেন ভারতের এ হিটম্যান। পাকিস্তানের বিরুদ্ধে যে রকম প্রথম বলেই ফিরে গিয়েছিলেন রোহিত, এবারও তাই হতে যাচ্ছিল। কিন্তু ফাইন লেগে তার সহজ ক্যাচ ছাড়েন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে।
তারপরই দেখা গেল রোহিতের স্ত্রী ঋতিকা সজদের প্রতিক্রিয়া। রোহিত আউট না হওয়ায় তিনি হাঁফ ছেড়ে বাঁচলেন। তার যে উৎকণ্ঠার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে।

রোহিতের ক্যাচ ওঠার পরেই টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, ঋতিকা হাত জোড় করে রয়েছেন। প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে। তার পাশে বসে থাকা আর এক নারীকেও দেখা যায় প্রার্থনা করতে। ক্যাচ পড়তেই ঋতিকার চোখ আরো বড় হয়ে যায়। প্রথম বলেই রোহিতের ক্যাচ পড়ে গিয়েছে, এটা বিশ্বাসই করতে পারছিলেন না ঋতিকা। তার থেকেও বেশি চিন্তায় দেখালো ঋতিকাকে।
যদিও ক্যাচ ছাড়ার পরে তাকে কাজে লাগাতে ব্যর্থ হন রোহিত। সোধির বলে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। ১৪ বলে ১৪ করেন এ হিটম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে ‘অলিখিত কোয়ার্টার ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচটিতে বলের সমান রানও করতে পারল না ভারত। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ব্যাটিং ব্যর্থতায় ১১১ রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে টিম ইন্ডিয়া।

রবিবার রাতে দুবাইতে টস জিতে কেন অধিনায়ক কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তা প্রমাণ দিতে বেশিক্ষণ সময় লাগল না ব্ল্যাক-ক্যাপদের। ব্যাটিংয়ে নেমে কিউই পেসারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারানো ভারত ৭ উইকেটে করতে পেরেছে ১১০ রান।
টিম ইন্ডিয়ার হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি কেউ। দুঃসময়ে হার্দিক পান্ডিয়ার ২৩, রবীন্দ্র জাদেজার ২৬* রানে ভর করে শতক পেরোনো স্কোর পায় ভারত।
