শাহিনশাহ আফ্রিদির মতো করে দেখালেন ট্রেন্ট বোল্ট

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১১:০১ পিএম

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের শাহিন আফ্রিদির মতো করে দেখাবেন। রবিবার ভারতের বিপক্ষে ম্যাচে সত্যি তাই করে দেখালেন। 

ভারতের বিপক্ষে নিজের প্রথম ২ ওভারে একটি উইকেট নিয়েছিলেন বোল্ট। রান দিয়েছেন মাত্র সাতটি। ম্যাচ শেষে অবশ্য তার বোলিং আফ্রিদির চেয়ে ভালো হয়েছে। চার ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। ভারত ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে করতে পেরেছে ১১০ রান। ম্যাচটি নিউজিল্যান্ড জেতে আট উইকেটে।

এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে অসাধারণ বোলিং করেন আফ্রিদি। সেই ম্যাচে ভারতের ইনিংসের শুরুতে নিজের প্রথম দুই ওভারে ১০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

সব মিলিয়ে ৩১ রানে ৩ উইকেট নিয়ে আফ্রিদি ভারতকে ৭ উইকেটে ১৫১ রানে আটকে রাখতে মূল ভূমিকা রাখেন। পরে ম্যাচটি ১০ উইকেটে জেতে পাকিস্তান। তাও আবার ১৩ বল হাতে রেখে। ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন। ম্যাচ শেষে ইনিংসের শুরুতে তার দুর্দান্ত বোলিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট বোদ্ধা থেকে সাধারণ সমর্থকদের প্রায় সবাই। 
ভারতকে গুঁড়িয়ে দিতে আফ্রিদির মতো বোলিং করার ঘোষণা দিয়েছিলেন বোল্ট। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘সেই রাতে আফ্রিদি যেমন বল করেছে, একজন বাঁহাতি হিসেবে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আমার মনে হয় কিছুটা সুইং পাওয়া যাবে এবং আশা করছি আফ্রিদি সেদিন রাতে যেটা করেছে, আমিও সেটাই করতে পারব।’

ভারতের সংবাদ সম্মেলনে এর উত্তরে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন, উল্টো বোল্টকেই চাপে ফেলে দেবে তার ব্যাটসম্যানরা। 

কোহলি বা তার ব্যাটসম্যানরা পারেননি। কিন্তু কথা রেখেছেন বোল্ট। আফ্রিদি হয়ে তিনি তছনছ করে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত