টানা দুই ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস। তুরিনের বুড়ির মুখে হাসি ফিরিয়েছেন পাওলো দিবালা ও আলভারো মোরাতা।
সিরি’আর তলানির দল সালেরনিতানাকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। দেয়ান কুলুসেভস্কির পাস থেকে ২১তম মিনিটে জুভদের এগিয়ে দেন দিবালা।
দলের ব্যবধান বাড়াতে পারতেন গিয়র্গিও চিয়েলিনি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে জুভ ডিফেন্ডারের গোল বাতিল করেন রেফারি।
৭০তম মিনিটে জাল খুঁজে পান মোরাতা। নিজের দ্বিতীয় গোলের সুযোগ হাতছাড়া করেন দিবালা। অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
এই জয়ের আগে চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ৪-০ এবং সিরি’আয় ঘরের মাঠ তুরিনে আতালান্তার বিপক্ষে ১-০ গোলে হারে অ্যালেগ্রির শিষ্যরা।
১৯৯৯ সালের পর ইতালিয়ান শীর্ষ লিগে এটিই প্রথম মৌসুম সালেরনিতানার। তবে এবারও রয়েছে তারা অবনমন অঞ্চলে। ১৫ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তালিকার সবার শেষে ক্লাবটি।
সালেরনিতানার বিপক্ষে জয়ে ২৪ পয়েন্ট নিয়ে সাতে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা নাপোলির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন ১১।
সিরি’আর আরেক ম্যাচে চতুর্থ স্থানে থাকা আতালান্তা মারিও পাসালিচের হ্যাটট্রিকে ভেনেজিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। আর পিছিয়ে পড়েও সাম্পদোরিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফিওরেন্তিনা।
